কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। আজ শুক্রবার সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে এই ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের হয়রানি করতে সম্পূর্ণ গায়েবি, কাল্পনিক ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত মানহানিকর।
কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তর প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার বলেন, “দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা প্রেস ক্লাবে বৈষম্যের শিকার হয়েছি। কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানটিকে একদলীয় ও পরিবারতান্ত্রিক স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত করেছিল। ৩০-৩৫ বছর সাংবাদিকতা করেও অনেকে সদস্য হতে পারেননি, অথচ ভুঁইফোঁড়দের সদস্য করে ক্লাব দখল করে রাখা হয়েছিল।”
তিনি আরও অভিযোগ করেন, ক্লাবের উন্নয়নের জন্য দানবীর আব্দুল কাদির মোল্লার দেওয়া অর্থ উন্নয়ন কাজের নামে ভুয়া ভাউচারে আত্মসাৎ করা হয়েছে। ঈদ, পূজা ও বিভিন্ন মেলার বোনাসের নামেও বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এসব অপকর্ম ঢাকতেই নতুন সদস্য গ্রহণে অলিখিত নিষেধাজ্ঞা ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্র-জনতার সহায়তায় বঞ্চিত সাংবাদিকরা ক্লাবে প্রবেশ করায় গত ২৬ মার্চ আমিনুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জ আদালতে আমাদের পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে ‘আজগুবি’ মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, যুগ্ম আহবায়ক রফিকুল হায়দার টিটু, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সহ আরও অনেকে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ধ্রুব রঞ্জন দাস, সাইফুল ইসলাম, জজ মিয়া, সৈয়দ ওলিউজ্জামান মহসিন, মোফাসসেল সরকার, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাইম ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।
মন্তব্য করুন