অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারসহ তিনি সেখানে যান।
দলীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় ত্যাগ করেন তারেক রহমান। পরে নিজ বাসভবনে অল্প সময় অবস্থান করে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে গত বছরের ১৩ জুন প্রথমবারের মতো ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর দুই পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েক দিন পর, ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এরপর ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
দলীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।
মন্তব্য করুন