ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোননয়নপত্র বাছাইয়ে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। খেলাপি ঋণ থাকায় ও মনোনয়নপত্রে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। চুন্নু ছাড়াও এ আসনে আরো তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, বিএনপি’র বিদ্রোহী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর।
এ আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় পার্টি (জিএম কাদের) প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক, খেলাফত মজলিস প্রার্থী হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এই ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-৩ আসনসহ জেলার ৬টি আসনের মোট ৬১জন প্রার্থীর মধ্যে মোট ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে। মোট ৩৭ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।
এর মধ্যে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি’র তিন বিদ্রোহী মো. রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ মোট ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তবে এ আসনে বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাসুদ হিলালী এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান জার্মানি, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং খেলাফত মজলিশ প্রার্থী মাওলানা আহমদ আলী কাসেমী।
এই আসনের বৈধ ঘোষিত ৭ প্রার্থী হলেন, বিএনপি প্রার্থী মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোছাদ্দেক ভূঞা, স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ হিলালী, সিপিবি প্রার্থী মো. এনামুল হক, বাসদ (মার্কসবাদী) প্রার্থী আলাল মিয়া, বাসদ প্রার্থী মো. মাসুদ মিয়া এবং এনপিপি প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মোট ৯ জন মনোনয়ন পত্র জমাদানকারীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বিএনএফ প্রার্থী মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আবুল বাসার রেজওয়ান, গণঅধিকার পরিষদ প্রার্থী মো. শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দীন আহমেদ।
এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মো. আনিসুজ্জামান খোকন, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মো. শাহরিয়ার জামান।
মন্তব্য করুন