বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি জটিলতার সমাধানসহ ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে কর্মরত ভূমি কর্মকর্তারা স্মারকলিপি প্রদান করেছেন। ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত-এর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি জ্যোতির্ময় রায় ও সাধারণ সম্পাদক ওয়ারেস আবদুল্লাহ।
সংগঠনের সভাপতি জ্যোতির্ময় রায় বলেন, দলিল যাচাইয়ের আইনগত ক্ষমতা না থাকা সত্ত্বেও ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলা থেকে দায়মুক্তি এবং দীর্ঘদিনের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— ভূমি সংক্রান্ত বিরোধে অসাধু মহলের দায়ের করা ফৌজদারি মামলা থেকে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি, বিসিএস নন-ক্যাডার থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, দায়িত্বের পরিধি বিবেচনায় গ্রেড উন্নীতকরণ, নিয়োগ ও পদোন্নতিতে দীর্ঘসূত্রতা দূরীকরণ, বেতন নির্ধারণ সংক্রান্ত জটিলতা ও বৈষম্য নিরসন এবং মাঠপর্যায়ের ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ বা ঝুঁকি ভাতা চালু করা।
মন্তব্য করুন