কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ আরজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১৪ জুন) বিকেলে আরজু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
গ্রেপ্তার আরজু মিয়া শোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার আ. মান্নাফের ছেলে। পুলিশ বলছে, তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় হানা দেয়। পরে ঘর তল্লাশি করে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ আরজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। যুবসমাজকে রক্ষা ও জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন