কিশোরগঞ্জের হোসেনপুরে ভিক্ষা চাওয়ার বাহানায় একটি সরকারি কোয়ার্টারে ঢুকে নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাসায় থাকা এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে ও ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রেখে যায় দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে পৌর এলাকার বিআরডিবি যমুনা আবাসিক কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই বাসাটি স্থানীয় শিক্ষক দম্পতি আব্দুল কাদির ও শিরিনা আক্তারের।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে এই শিক্ষক দম্পতি তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যান। ওই সময় বাসায় ছিল তাদের দশম শ্রেণি পড়ুয়া ছেলে মো. কায়সার। বিকেল চারটার দিকে কর্মস্থল থেকে ফিরে তারা ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। ভেতর ঢুকে তারা দেখেন পুরো ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো।
একপর্যায়ে বসার ঘরের সোফায় ছেলে কায়সারকে হাত-পা বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন দেখতে পান বাবা-মা। তার পাশেই পড়ে ছিল ঘুমের বড়ির খালি পাতা। পরে তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির জানান, ঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা খোয়া গেছে। চিকিৎসাধীন ছেলের বরাতে তিনি আরও জানান, এক নারী ও এক পুরুষ ভিক্ষা চাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে এই কাণ্ড ঘটিয়েছে। সন্তানের চিকিৎসার কারণে এই মুহূর্তে আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভাবার সুযোগ পাচ্ছেন না।
ঘটনার খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন