পরীক্ষাভীতি দূর করা, ভালো ফলাফলে অনুপ্রাণিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারী আড়াইশো শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বৃক্ষ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই গাছের চারা তুলে দেওয়া হয়। মলাই ফকির বাজার সংলগ্ন আমিন সেন্টারে অবস্থিত এই বিদ্যালয়টির এমন ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেবল ভালো ফলাফল অর্জনের জন্যই নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীল ও পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় আলমগীর বলেন, ‘পাঁচ বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই আমরা নিয়মিত বৃক্ষ বিতরণের আয়োজন করছি। শিক্ষার্থীরা যেন ভালো ফলাফলের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছি।’
বিদ্যালয়ের উপদেষ্টা আল আমিন বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়েই একটি আদর্শ শিখন পরিবেশ তৈরি হয়। জিনিয়াস আইডিয়াল স্কুল সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমান মঞ্জু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাম নাশরাক নিলি, আব্দুল্লাহ আল সাদী লিয়ন, পান্না আক্তার, রিতা আক্তার, শাহীনা আক্তার ঝুনু, লামিয়া মীম, ইতি আক্তার, কণা আক্তারসহ স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমই তাদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। পাঠ্যবইয়ের বাইরেও তারা এখান থেকে সৃজনশীল ও প্রয়োজনীয় অনেক শিক্ষা পায়।
অভিভাবকরা জানান, গাছ উপহার দেওয়ার মাধ্যমে শিশুরা যেমন প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পাবে, তেমনি বিদ্যালয়মুখী হওয়ার ক্ষেত্রেও তারা বাড়তি উৎসাহ পাবে। প্রত্যন্ত অঞ্চলে এমন মানসম্মত ও ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম প্রসারের ফলে শিক্ষার মানোন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা তাদের।
মন্তব্য করুন