কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচি পালন না করে ‘নিষ্ক্রিয়’ থাকার অভিযোগে কিশোরগঞ্জের ১০টি কলেজ ও মাদ্রাসা শাখার ছাত্রদল কমিটিকে একযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
সোমবার (১৫ জুন) জেলা ছাত্রদলের রথখলাস্থ কার্যালয় থেকে সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত পৃথক ১০টি চিঠির মাধ্যমে এই কঠোর বার্তা পাঠানো হয়।
নোটিশ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ, বাজিতপুর সরকারি কলেজ, কটিয়াদী সরকারি কলেজ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি কলেজ, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসা, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ এবং মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ ছাত্রদল শাখা।
চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন না করায় সংশ্লিষ্ট কমিটিগুলোর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ-এর নিকট উপস্থিত হয়ে এই ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ছাত্রদলে নিষ্ক্রিয় ও অলস নেতৃত্বের কোনো জায়গা নেই। কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা প্রতিটি কমিটির নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা সশরীরে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন