বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর আগে তারেক রহমানের তরফে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে, আজ ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। সে হিসেবে গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ সংসদীয় আসনে ভোটার হিসেবে তারেক রহমানের নাম নিবন্ধন করা হয়েছে।
মন্তব্য করুন