জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ কিশোরগঞ্জ শাখা ও জুলাই বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শহরের শহীদি মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে তাঁরা বলতে থাকেন, লীগ ধর, জবাই কর। লীগ ধর জেলে ভর। উই আমরা সবাই হাদি। এ সময় ভারতীয় আধিপত্যবিরোধী স্লোগানে কর্মসূচিস্থল মুখর হয়ে ওঠে। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে তা সাময়িকভাবে শেষ করেন।
বিক্ষোভ মিছিলে জুলাই আন্দোলনের নেতা ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, আশরাফ আলী সোহান, মানস সরকার উৎস, রাতুল নাহিদ ভূইয়া, সাইফুল্লাহ, ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুর রহমান শ্যামল, সদস্য সচিব মোস্তাকিম বিল্লাহ, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুনসহ স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। এ সময় তাঁরা আগুন জ্বালিয়ে প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। তাঁরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান বিক্ষোভকারীদের আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করে।
এদিকে পাকুন্দিয়া, ভৈরব, বাজিতপুর, কুলিয়ারচর, কটিয়াদীসহ অন্যান্য উপজেলাতেও বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা।
মন্তব্য করুন