কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চার (গ্যাপ) অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) জেলা শহরের ‘স্যাফ্রন ডিলাইট’ রেস্টুরেন্টের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সীড অ্যান্ড এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার জয়নুল আবেদীন তালুকদার। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কৃষকদের এখনই গ্যাপ বা উত্তম কৃষি চর্যায় অভ্যস্ত হতে হবে। রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির দিকে ঝুঁকতে হবে।”
ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এন্টারপ্রাইজের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড এন্ড ক্রপ) মো. সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল) মোহাম্মদ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড এন্ড ক্রপ) মোহাম্মদ খায়রুল ইসলাম এবং টিএসও (ভেজিটেবল) নিতাই গোপাল মালাকার।
দিনব্যাপী এই কর্মশালায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৬৫ জন বীজ ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। এতে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্র্যাক সীডের উন্নত মানের ধান ও সবজি বীজের বৈশিষ্ট্য এবং কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা কেবল উৎপাদন বাড়ানোই নয়, বরং মাটির স্বাস্থ্য সুরক্ষায় উর্বরতা ও উপকারী ব্যাকটেরিয়া বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহারের আধুনিক কলাকৌশল ও অবকাঠামো নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিলার ও রিটেইলাররা জানান, আজকের এই প্রশিক্ষণের ফলে তারা আধুনিক কৃষি পদ্ধতি ও মানসম্মত বীজ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন, যা মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।
মন্তব্য করুন