আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ জেলার প্রায় ৭৫ শতাংশ ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯১৩টি। এর মধ্যে ২৩৮টি কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৭৪টি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পূর্বের সহিংসতার নজির, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাত্রা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এনে এসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কয়েকটি উপজেলায় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই—প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন। ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮ হাজার ৫৩৭ জন ভোটার।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ সুষ্ঠু রাখতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরাও থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনীর ১ হাজার ৫৭৩ সদস্য, বিজিবির ২০ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন), র্যাবের ১৩০ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, জেলার ছয়টি আসনেই পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন