পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ‘দুই টাকায় ইফতার’ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’। সোমবার (১৬ মার্চ) বিকেলে শহরের শোলাকিয়া ও পুরানথানা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির নিয়মিত এই আয়োজনে এবার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘মুসলাহ প্রোডাকশন’। মূলত মানুষের মাঝে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টেবিল পেতে ইফতার বিতরণ শুরু করেন স্বেচ্ছাসেবীরা। মাত্র দুই টাকার বিনিময়ে পথচারী, শিক্ষার্থী, রিকশা ও ভ্যানচালকদের হাতে তুলে দেওয়া হয় ইফতারের প্যাকেট। প্যাকেটে ছিল খেজুর, ছোলা, মুড়ি, সবজি চপ, বেগুনি, জিলাপি ও পানি।
ইফতার নিতে আসা এক রিকশাচালক বলেন, “বাজারে জিনিসের অনেক দাম। ভালো ইফতার কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। এখান থেকে দুই টাকায় সাত পদের ইফতার নিতে পেরেছি, এখন পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতে পারব।”
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম বলেন, “করোনাকালীন সময় থেকে আমরা নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে আসছি। বিনামূল্যে না দিয়ে দুই টাকা নেওয়ার উদ্দেশ্য হলো মানুষের আত্মসম্মান বজায় রাখা। আজ আমাদের এই বছরের কার্যক্রমের শেষ দিন ছিল। আগামীতেও আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এই মানবিক কার্যক্রমে অংশ নেন সংগঠনের সদস্য মাহমুদুল হাসান, উমর নাসিফ, তাশরিফ হাসান, মাহবুব আল হাসান, এইচ এম শাওন, নওফেল আহমেদসহ একদল তরুণ স্বেচ্ছাসেবী। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সর্বস্তরের মানুষ।
মন্তব্য করুন