কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই তদন্ত কমিটি গঠন করেন।
গত শুক্রবার (১৩ মার্চ) চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও এক নারী সদস্যের চাল বিক্রির ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত তদন্ত কমিটির তিন সদস্য হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজাহান এবং উপজেলা খাদ্য কর্মকর্তা (অঃদাঃ) জেসমিন আক্তার। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার সকালে চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে চাল বিতরণকালে অনিয়মের চিত্র দেখা যায়। অভিযোগ ওঠে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে এক ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল সংগ্রহ করছেন। অনেক কার্ডে সুবিধাভোগীর নাম-ঠিকানা না থাকায় প্রকৃত দুস্থরা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা আক্তারের বিরুদ্ধে সরকারি চাল প্রকাশ্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে ওই সময় তিনি সদুত্তর দিতে পারেননি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জরুরি ভিত্তিতে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন