কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আরিয়ান সাব্বির (১৭)। তিনি উপজেলার মাইজহাটি এলাকার আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আরিয়ান সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আরিয়ান সাব্বিরের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন