কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ এপ্রিল) সকাল নয়টায় হজযাত্রীদের নিবন্ধন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব, হজের ধর্মীয় বিধিবিধান, করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া হজ এজেন্সি ও গাইডদের দায়িত্ব এবং হজযাত্রীদের জন্য মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।
প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী তরিকুল ইসলাম, হাব প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা উমর ফারুক।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, এবার কিশোরগঞ্জ জেলা থেকে সরকারি ব্যবস্থাপনায় ২৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪২ জনসহ সর্বমোট ৮৭১ জন হজযাত্রী রয়েছেন। তাঁরা যেন সুস্থ ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সে জন্য সভায় বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন