কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় রাখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আশু মিয়া দরিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সুরুজ মিয়া (৬১), তার দুই ছেলে মদন মিয়া(২৮) ও শাকিল মিয়া(২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পৌনে ছয়টার দিকে বাড়ির পাশের রাস্তায় ধানের খড় রাখা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে আশু মিয়ার বাগ্বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ তাঁকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খড় নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন