কিশোরগঞ্জের ভৈরবে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় তুলাকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ভৈরবে প্রথম ধাপে শিমুলকান্দি ইউনিয়নের ৮১৭টি পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি বয়ে আনবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশীদ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান এবং শিমুলকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন