কিশোরগঞ্জে দোকান নিয়ে বিরোধের জেরে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত লিংকন (৩৫) ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে। নিহত শামীম ও অভিযুক্ত লিংকন সম্পর্কে চাচা ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল চাচা শামীম ও ভাতিজা লিংকনের পরিবারের মাঝে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মোঃ রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চায়। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে লিংকন ছুড়ি নিয়ে ছুরিকাঘাত করে শামীমকে। পরে স্থানীয়রা এবং শামীমের পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নি জেরিন বলেন, আমার মামাকে দোকানের জন্য মাইরা ফেলছে। লিংকন ভাই বলতো দোকান লইয়া যদি কথা কইবে তাইলে তোরে একটা ফারই দেম। আগেও অনেকবার মারছে। আজকে যে ছুড়ি লইয়া আইয়া ফার মারবো আমরা জানতাম না। আজকে ঢুইকাই আগে ছুড়ি দে ফার মারছে।
নিহতের স্ত্রী নাসরিন বলেন, আমার স্বামীর হাত কেটে ফেলতো। কিন্তু মারলো কেনো? আমি ফাঁসি চাই।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন