কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ভয়াবহ এক অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় শিশুরা।
ঘটনাটি ঘটে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই। অপহরণচেষ্টার শিকার দুই শিক্ষার্থী মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। তারা হলো কামালপুর গ্রামের ফারুক মিয়ার কন্যা ঝিনুক আক্তার এবং আব্দুল হকের মেয়ে সুরাইয়া আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস জানান, দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর শিশুরা বাড়ির উদ্দেশে রওনা দেয়। আনুমানিক দেড়টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের পথ রোধ করে। এরপর শিশুদের মুখে স্কচটেপ লাগিয়ে জোরপূর্বক একটি বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলে।
এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত বস্তাটি ফেলে রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে বস্তার ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করেন।
খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আব্দুল্লাহ-বিন-শফিক জানান, উদ্ধার হওয়া দুই শিশু শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন