প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। শুক্রবার ভোর সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্ম সুনীল কর্মকারের। সাত বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারালেও ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত হন তিনি। বাউলগায়ক ইসরাইল মিয়ার কাছে সংগীত ও দোতারা শেখার মাধ্যমে তাঁর শিল্পীজীবনের শুরু। পরবর্তীতে বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্রে দক্ষতা অর্জন করেন।
ভরাট ও আবেগময় কণ্ঠে একক পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করতেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। নিজের লেখা গানের সংখ্যাও দেড় শ থেকে দুই শ’র কাছাকাছি। টেলিভিশন, যাত্রামঞ্চ ও চলচ্চিত্রেও তিনি নিয়মিত গান গেয়েছেন।
লোকসংগীতে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক পান এই দৃষ্টহীন শিল্পী।
মন্তব্য করুন