কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর আনন্দবাজার সংলগ্ন এলাকায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আবু কালামের ছেলে সাইদুর রহমান (৩০) গুরুতর আহত হয়েছেন। এছাড়াও উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে সাইদুর রহমান পক্ষ ও মস্তুফা গংয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন সাইদুর রহমান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, একজন নারীর মাথায়ও গুরুতর জখমের দৃশ্য দেখা যায়। আহত সাইদুর রহমানকে ভ্যানগাড়ীতে শোয়ানো অবস্থায় দেখা যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও উভয় পক্ষের অন্তত ৩ থেকে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসী জানান, জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় তিন থেকে চার মাস আগে এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে শালিস হয়েছিল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে মস্তুফা পক্ষের দুইজন নারীকে আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন