কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাঁদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে করে মনির হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটিকে জখমসহ চালককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চালককে আটক করা হয়েছে এবং পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন