কিশোরগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) সকালে ইশাখাঁ রথখলা রোডে মিছিল করেন তারা। পরে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমাবেশ করেন।
এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিছিলের একাধিক ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম রাফির নেতৃত্বে মিছিলটিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গ্রেফতার নেতারা হলেন রশিদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া (৫০), মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে রাসেল (৩৭), জেলা ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান আলিফ (৩২), জেলা আওয়ামী লীগ নেতা কাঞ্চন (৪২) এবং চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইমাম শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের ইসাখাঁ রথখলা সড়ক ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গৌরাঙ্গবাজার আঠারোবাড়ি কাচারি মোড় থেকে তারা মিছিলটি শুরু করেন।
জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন,”আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, আজ সকালের মিছিলে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
মন্তব্য করুন