কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগামী একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন এবং শারীরিক সুস্থতার জন্য নিয়মিত সকালে হাঁটতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও বাড়ির পাশে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে সজোরে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পিকআপের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন