ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই সময়সীমা বিবেচনায় মার্চের দ্বিতীয় সপ্তাহেই অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ ১২ মার্চ, তবে এর দু–এক দিন আগেও অধিবেশন ডাকা হতে পারে।
প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে। অধিবেশনের শুরুতে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। তবে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যক্রম পরিচালনায় দলের অভ্যন্তরীণ প্রস্তুতিও চলছে। প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন