ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে আটক দুই ব্যক্তির বিষয়ে বাংলাদেশকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারত। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত জানতে কলকাতার কাছে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। রোববার এই আবেদন করা হলেও এখন পর্যন্ত ওপার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
শামা ওবায়েদ আরও বলেন, ‘ভারতের কাছে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে। কনস্যুলার অ্যাকসেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের কলকাতায় শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। তাঁদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন